আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ভোটকেন্দ্রে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জাম গত ২৮ জানুয়ারি রাতে চুরি হয়ে যায়। ঘটনার এক সপ্তাহের বেশি সময় পার হলেও এখনো সেখানে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এই পরিস্থিতিতে, প্রশাসন কর্তৃক ‘অতি-ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত এই কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, ঘটনার রাতেই দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের ছয়টি তালা ভেঙে অফিসের ভেতরে প্রবেশ করে। সেখান থেকে নির্বাচনের নিরাপত্তার জন্য ১৫ জানুয়ারি স্থাপন করা চারটি সিসিটিভি ক্যামেরা, একটি রাউটার এবং একটি মনিটর নিয়ে যায়। পরদিন সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করেন।
প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বলেন, “তাৎক্ষণিকভাবে পুলিশ ও ইউএনও-কে জানানো হয়েছে। ইউএনও মহোদয় দ্রুত ক্যামেরা স্থাপনের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।”
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে আজকেই সেখানে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।”
তবে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা জানান, তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বরাবরই ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ হিসেবে পরিচিত। নির্বাচনের ঠিক আগে এমন নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা এবং সেগুলোর পুনঃস্থাপনে বিলম্ব কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিয়ে শঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতিতে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রিপোর্টারের নাম 
























