একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁর নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার পৌর শহরের একটি কনসালটেশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীর্ঘ কারাবন্দী থাকা এই নেতা বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে।” তিনি আরও বলেন, “জনগণের কল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিকদের মেধা, পরামর্শ ও সহযোগিতা অপরিহার্য।” দল-মত নির্বিশেষে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সকল মানুষের মধ্যে সততা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রশাসনিক স্বচ্ছতার ওপর জোর দিয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, প্রশাসনকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করা হবে এবং সমাজকে বৈষম্যহীন হিসেবে গড়ে তোলা হবে। তিনি সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ জনপদ নিশ্চিত করার অঙ্গীকার করেন।
কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে একটি উন্নত হাসপাতালে রূপান্তর করা হবে। জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত এবং সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নকেই তিনি তাঁর প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তাঁর সকল কাজে সাংবাদিকদের পাশে চান। পাশাপাশি, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাং নির্মূল করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাওলানা একরামুল হক, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জোবায়ের হোসেন, পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি তাহেরুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























