ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক দেশগুলোর সমর্থনের প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনাকে উত্তেজনা নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণের মূল চাবিকাঠি হলো সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধান। রোববার সামাজিকমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে, তেহরান সবসময়ই শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানে বিশ্বাসী এবং এই লক্ষ্যে সংলাপের ওপর গুরুত্ব আরোপ করে আসছে। তিনি আরও উল্লেখ করেন যে, পারমাণবিক কর্মসূচির অধিকার ইরানের একটি বৈধ বিষয়। ইরানি জাতির সম্মানজনক আচরণের প্রতিও তিনি আলোকপাত করেন এবং বলেন, ইরান সম্মান করলে অন্যরাও সম্মান পাবে, তবে বলপ্রয়োগের নীতি ইরান গ্রহণ করে না।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক সামরিক পদক্ষেপের হুমকির পর শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় বসে। ওমানে অনুষ্ঠিত এই প্রথম দফার আলোচনাকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘একটি ভালো শুরু’ বলে মন্তব্য করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানায়, তবে তেহরান পাল্টা হিসেবে ঐ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে। শীঘ্রই উভয় দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























