আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ভারত সরকার ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক গোষ্ঠী ও সমালোচকদের বিরুদ্ধে সহিংসতাকে একরকম স্বাভাবিক ঘটনায় পরিণত করেছে। বৈষম্যমূলক নীতি, বিদ্বেষমূলক বক্তব্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে সংস্থাটির সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে। এর অংশ হিসেবে শত শত বাংলাভাষী মুসলমান এবং রোহিঙ্গা শরণার্থীকে ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।
এইচআরডব্লিউ আরও উল্লেখ করেছে যে, এই ধরনের পদক্ষেপের ফলে সরকারি কর্মকর্তা ও বিজেপি সমর্থকদের হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষ কাঠামোর প্রতি এই প্রবণতাকে একটি বড় হুমকি হিসেবে দেখছে।
রিপোর্টারের নাম 

























