ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি সবসময় নারী সমাজের সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এটি বিএনপির কাছে অমূল্য সম্পদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন অভিযোগ করেন, এক বিশেষ দল নারীদের কাছে ভোট চাইলেও ১৯৭১ সালে তাদের সম্মান ও মর্যাদার প্রতি তারা উদাসীন ছিল। তিনি বলেন, এই দলটি এখন কয়েক হাজার টাকার বিনিময়ে নারীদের বিবেককে কিনতে চাইছে। বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার অপচেষ্টা চলছে। কিন্তু বিএনপির কাছে নারীদের সম্মান অমূল্য।
বিএনপি নেতা তারেক রহমানের বরাতে তিনি বলেন, প্রতিটি পরিবারের নারী সদস্যদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। এটি কোনো দয়া নয়, বরং তাদের অধিকার। তিনি উপস্থিত নারী ভোটারদের প্রতি আহ্বান জানান, যেন তারা তাদের সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি না করেন। ভোট একটি অধিকার, কোনো পণ্য নয়। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে তারা রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা পাবেন বলে তিনি আশ্বাস দেন।
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে নয়। বিএনপি নীতি ও নৈতিকতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। তিনি অন্যায়ের প্রতিবাদ করার এবং সমাজে যারা ইভটিজিং, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের কোনোভাবে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এমন অপরাধীদের পুলিশের হাতে সোপর্দ করা উচিত। তিনি প্রতিশ্রুতি দেন, কোনো অপরাধীকে ছাড়াতে তিনি কখনো পুলিশকে ফোন করবেন না, বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জনগণের পাশে থাকবেন।
সমাবেশে বিপুল সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় চরফ্যাশন উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















