নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেছেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন এক বিন্দুও ছাড় দেবে না। তিনি প্রবাসী ভোটারদের ভোটদান প্রক্রিয়া নিয়ে শতভাগ সতর্ক থাকার আশ্বাস দিয়ে বলেন, কোনো অনিয়ম বা কারচুপির সুযোগ দেওয়া হবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আব্দুর রহমান মাছউদ আরও বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এমন কোনো পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে না। যেহেতু এটি একটি নতুন প্রক্রিয়া, তাই এর সুষ্ঠুতা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছি। আমরা জাতিকে এই বিষয়ে আশ্বস্ত করতে পারি যে, এখানে কোনো আপস করা হবে না।’
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘এটা সত্য যে একসময় অনেক অস্ত্র লুট হয়েছিল। তবে আমার জানা মতে, অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি, কিন্তু সার্বিক নিরাপত্তার জন্য তা হুমকি বলে আমরা মনে করি না। অস্ত্র উদ্ধারের অভিযান এখনো অব্যাহত আছে।’ তিনি আরও জানান, যদি কিছু বিচ্ছিন্ন ঘটনা থেকেও থাকে, তা নির্বাচনের সার্বিক পরিবেশকে কোনোভাবেই প্রভাবিত করবে না।
মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























