বাংলাদেশের বিগত ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন করে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গণভোট একটি অনন্য মাধ্যম হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, আমরা যদি পুরনো বৃত্ত থেকে বেরিয়ে এসে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, তবে এই সংস্কার অপরিহার্য। এটি কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় নয়, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের প্রাণের দাবি।
শুক্রবার দুপুরে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালীকরণে শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনির হায়দার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ সময় ধরে দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছিল। এই নির্বাচনের মাধ্যমেই আমরা পুনরায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে যেতে পারব। তিনি আরও যোগ করেন, আমরা যে বাংলাদেশে বড় হয়েছি, তার চেয়েও সুন্দর এবং নিরাপদ একটি দেশ আমাদের সন্তানদের জন্য রেখে যাওয়াই বর্তমান সময়ের মূল লক্ষ্য।
মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদী।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ এবং মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গাজী রহমান। বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে শিক্ষার প্রসার ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























