ময়মনসিংহের ফুলবাড়িয়া-৬ সংসদীয় আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার একটি এলাকায় প্রচারকাজ চলাকালে এ হামলার শিকার হন আশিকুর রহমান নামের ওই যুবক। তিনি স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অধ্যাপক জসিম উদ্দিনের নির্বাচনি কার্যক্রম চলাকালীন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের আত্মীয় আলামিনের নেতৃত্বে একদল যুবক আশিকুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভিযোগ, এলাকায় অধ্যাপক জসিম উদ্দিনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যেই এই সহিংসতা ঘটানো হয়েছে বলে তাদের দাবি। এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটি ও স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানোর প্রক্রিয়া চলছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলামিন বা জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর টহল দলের প্রধান ক্যাপ্টেন মাহমুদ জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























