আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের সীমান্ত নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে, আনুমানিক রাত ২টার দিকে, কৈখালী সীমান্ত আউটপোস্টের (বিওপি) অধীনস্থ এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে, টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি দল কৈখালী বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে আনুমানিক দুই কিলোমিটার পূর্বে গোলাখালী নদীর পাড় সংলগ্ন একটি চিংড়ি ঘের এলাকায় এই অভিযান চালায়।
অভিযান চলাকালে চিংড়ি ঘেরের এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ভারত থেকে অবৈধভাবে আনা ১৪টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য চার লক্ষ ৭০ হাজার ২০০ টাকা।
বিজিবির প্রাথমিক ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি অথবা সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এই অস্ত্রগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বর্তমানে বিজিবির হেফাজতে নিরাপদ রাখা হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
যদিও অভিযানের সময় কাউকে আটক করা যায়নি, তবে সংশ্লিষ্ট অস্ত্র ও চোরাচালান চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
এ বিষয়ে নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিরএন বলেন, নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র প্রবেশ, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























