চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। বুধবার রাতে পরিচালিত এক যৌথ অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম, একটি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—অমানউল্লাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. রাসেদ (৪০) এবং রাহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে আকবর (৪৩)। অস্ত্র তৈরির কাজে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সন্দ্বীপের আমানউল্লাহ বেড়িবাঁধ এলাকায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনীর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে কারখানার ভেতর থেকে একটি একনলা দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, উপকূলীয় ও দুর্গম চরাঞ্চল হওয়ায় সন্দ্বীপের এসব এলাকায় দীর্ঘদিন ধরে ছোটখাটো কারিগরি ওয়ার্কশপের আড়ালে অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রম চলে আসছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ও কঠোর অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে এসব কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে।
রিপোর্টারের নাম 





















