ফুটবলপ্রেমীরা আবারও মেসি-রোনালদোর দ্বৈরথের সাক্ষী হতে পারতেন। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় তাদের যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার তা মরুর মঞ্চে হওয়ার সম্ভাবনা ছিল। তবে এই সম্ভাবনা শেষ পর্যন্ত ভেস্তে দেয় সৌদি সরকারই।
অনেক আগে থেকেই মেসির সৌদি প্রো লিগে খেলার গুঞ্জন ছিল। পিএসজি ছেড়ে শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে যোগ দিলেও, আর্জেন্টাইন মহাতারকা রোনালদোর লিগে যোগ দিতে পারেন—এমন খবর মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ত। সম্প্রতি জানা যায়, সেই খবর নাকি বাস্তবে রূপ নেওয়ার খুব কাছাকাছিও ছিল।
সৌদি আরবের এক শীর্ষ ফুটবল কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, তারাই মেসির সৌদি আরবের ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন! দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ই মায়ামি তারকাকে দেশটির লিগে খেলার ‘অনুমতি দেয়নি’।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ওই কর্মকর্তা বলেছেন, ২০২৬ বিশ্বকাপের আগে ফিট থাকার জন্য মেসি মেজর লিগ সকারের (এমএলএস) চার মাসের বিরতিতে সৌদি আরবে খেলতে চেয়েছিলেন। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের সঙ্গে মেসির এজেন্ট এ বিষয়ে যোগাযোগও করেছিল। এমএলএস-এর নিয়মিত মৌসুম অক্টোবরে শেষ হয়ে পরের বছরের ফেব্রুয়ারিতে আবার শুরু হয়। আর এই সময়েই রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি সৌদি আরবে খেলার আগ্রহ দেখান।
মাহদ স্পোর্টস একাডেমির সিইও আবদুল্লাহ হাম্মাদ একটি পডকাস্টে বলেন, “গত ক্লাব বিশ্বকাপের সময় মেসির দল আমার সঙ্গে যোগাযোগ করে তাকে সৌদি আরবে খেলার প্রস্তাব দিয়েছিল। কারণ এমএলএস-এ তখন চার মাসের বিরতি ছিল। ফিট থেকে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চেয়েছিলেন মেসি। ডেভিড বেকহামের সময়েও এমনটা হয়েছিল—যখন তিনি লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলতেন এবং এসি মিলানে খেলার সুযোগ পেয়েছিলেন।”
হাম্মাদ আরও জানান যে, তিনি এই প্রস্তাবটি সৌদির ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু সেটি প্রত্যাখ্যান করা হয়। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “সৌদি লীগ অন্য কোনো টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে না।”
এরপর পডকাস্টে হাম্মাদকে সরাসরি জিজ্ঞেস করা হয়, তবে কি সৌদি আরব মেসির প্রস্তাব নাকচ করে দেয়? তার স্পষ্ট জবাব ছিল, “হ্যাঁ, এটাই বাস্তব।”
২০২৩ সালে রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পরই রাতারাতি সৌদি আরবের ফুটবল জনপ্রিয়তা পেতে শুরু করে। রোনালদোর দেখানো পথ ধরেই এরপর নেইমার, করিম বেঞ্জেমা, রিয়াদ মাহরেজ ও সাদিও মানের মতো বড় তারকা ফুটবলাররা মরুর দেশটির লিগে খেলতে এসেছেন।
রিপোর্টারের নাম 























