শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন। এ নিয়ে তিন দফা এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ-এর আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে তা দাখিল করতে পারেননি। এই কারণে আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি। সে সময় পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
প্রাথমিক তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ অভিযোগপত্র দাখিল করে। তবে, গোয়েন্দা পুলিশের দেওয়া এই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন দাখিল করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এই আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন এবং অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 
























