ক্ষমতার লোভে বিএনপি দেশজুড়ে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সাধারণ সম্পাদক এবং ছাত্রশিবিরের একজন নেতা আব্দুল আলিম আরিফ। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের নেতাকর্মীরা সহিংস আচরণে লিপ্ত হয়ে দেশে নতুন ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আব্দুল আলিম আরিফ এসব অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, “ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ। তারা সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার পাঁয়তারা করছে।”
তিনি শেরপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, বিএনপি-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন এবং এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তার মতে, বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ভিন্নমতাবলম্বীদের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
জকসু সাধারণ সম্পাদক তার ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন যে, বিগত ১৬ মাস ধরে বিএনপি যে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আরও বেশি উচ্ছৃঙ্খল ও সহিংস কার্যকলাপে।
বিশেষভাবে নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন যে, বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্য জনসভায় নারীদের শ্লীলতাহানির হুমকি দিচ্ছে এবং নিকাব ও হিজাব পরিহিত মা-বোনদের বিরুদ্ধে ভীতি প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে।
আব্দুল আলিম আরিফ তার পোস্টের শেষ অংশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের সচেতন ছাত্র-জনতা মাফিয়াদের এই নতুন ফ্যাসিবাদ প্রতিহত করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ জানুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে নারী নির্যাতনকারী, টেন্ডারবাজ ও মাফিয়াদের উপযুক্ত জবাব দেবে।
রিপোর্টারের নাম 
























