রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালবাগ, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্লবী, কাফরুল, আদাবর, যাত্রাবাড়ী, কদমতলী, শাহবাগ, ওয়ারী, ভাষানটেক এবং হাতিরঝিল থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে সবচেয়ে বেশি সংখ্যক গ্রেপ্তার হয়েছে শাহবাগ থানা এলাকায়, যেখানে মোট ১২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এর পাশাপাশি, মোহাম্মদপুর থানা পুলিশ ৬ জন এবং যাত্রাবাড়ী থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। কদমতলী ও সূত্রাপুর এলাকা থেকে ৩ জন করে মোট ৬ জন এবং লালবাগ এলাকা থেকে ২ জন গ্রেপ্তার হয়েছেন।
এছাড়াও, পল্লবী, কাফরুল, আদাবর, ডেমরা, ওয়ারী, ভাষানটেক এবং হাতিরঝিল প্রতিটি থানা এলাকা থেকে ১ জন করে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন লালবাগ এলাকার মো. সোহেল ও তারেক; ডেমরার মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি; মোহাম্মদপুরের শাকিল, রাজু, রনিসহ মোট ছয়জন; এবং শাহবাগ এলাকার মাহমুদুল হাসান মামুন ও শাহাদুল ইসলাম হৃদয়সহ মোট বারোজন। অন্যান্য গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন পল্লবী থেকে গুরিয়া বেগম, কাফরুল থেকে মাহমুদুল খাঁন এবং হাতিরঝিল এলাকা থেকে মনিরুজ্জামান বাপ্পী।
ডিএমপি জানিয়েছে, নগরীর জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























