দেশের গণপরিবহন ব্যবস্থাকে নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৩ দফা দাবি উত্থাপন করেছে রোড সেফটি ফাউন্ডেশন। একইসঙ্গে এসব দাবি বাস্তবায়নে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় পরিবহন খাতে চলমান চাঁদাবাজি ও দুর্নীতির কারণে দেশে একটি টেকসই পরিবহন কৌশল গড়ে তোলা সম্ভব হয়নি। এর ফলে সড়ক দুর্ঘটনা ও যানজটের মতো সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে। এসব দুর্ঘটনায় প্রতিনিয়ত বহু মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মুখে পড়ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অসহনীয় যানজটের ফলে দেশের বিনিয়োগ পরিস্থিতি ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি মন্থর হয়ে পড়ছে। এই সংকটের মূল কারণ হিসেবে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে চিহ্নিত করেছে সংগঠনটি। এই প্রেক্ষাপটে, নিরাপদ ও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে স্পষ্ট ও জোরালো অঙ্গীকার থাকা অপরিহার্য বলে মনে করে রোড সেফটি ফাউন্ডেশন।
রিপোর্টারের নাম 























