লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালীন ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলায় একটি নবনির্মিত মাদরাসা ভবন ধসে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার দরবেশপুর ইউনিয়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘ইকরা ইন্টারন্যাশনাল মহিলা মাদরাসা’ ভবনটি এখন খালের গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর ফলে সেখানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীর নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জামতলী বাজারের পূর্ব পাশে নিজস্ব জমিতে লন্ডনপ্রবাসী নিজাম উদ্দীন এই মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই পাকা টিনশেড ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় অর্ধকোটি টাকা। প্রতিষ্ঠার পর থেকেই সেখানে শতাধিক ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহণ করে আসছিল।
সম্প্রতি এলজিইডির অর্থায়নে ওই মাদরাসা সংলগ্ন এলাকায় একটি পুরাতন কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা কারিগরি সতর্কতা অবলম্বন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাদরাসার একেবারে কোল ঘেঁষে গভীর খনন কাজ শুরু করে।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, কালভার্ট ভাঙার জন্য যখন ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল, তখন ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা বাধা দিয়েছিলেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাজী বেলাল কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না বলে আশ্বাস প্রদান করেন এবং কাজ চালিয়ে যান। কিন্তু খননযন্ত্র (এক্সেভেটর) দিয়ে মাটি সরানোর সময় কম্পন ও মাটির নিচের ভারসাম্য নষ্ট হওয়ায় পুরো মাদরাসা ভবনের চারপাশের দেয়ালে বিশাল ফাটল দেখা দেয়। এমনকি ভবনের মেঝে দেবে গিয়ে এটি এখন পার্শ্ববর্তী খালের দিকে হেলে পড়েছে।
বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারছে না। স্থানীয়রা জানান, ঠিকাদারের অদূরদর্শিতা এবং অপরিকল্পিতভাবে খনন কাজ চালানোর কারণেই এই বড় ধরনের সম্পদহানি ঘটেছে। দ্রুত সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় পুরো ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 



















