নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী বিধিমালায় শাপলা প্রতীকটিই নেই, তাই এনসিপিকে (জাতীয় নাগরিক পার্টি) এই প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, নির্বাচন কমিশন স্ববিবেচনায় দলটিকে অন্য কোনো প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। শাপলা প্রতীকের প্রশ্নে নির্বাচন কমিশন তার আগের অবস্থানেই আছে।
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
শাপলা প্রতীক সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, “কমিশন এরইমধ্যে তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনও কমিশন আগের অবস্থাই আছে।”
আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ হবে কি না, এ বিষয়ে সচিব বলেন, “আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না।”
তিনি আরও বলেন, কমিশন আরপিও-এর প্রস্তাবনাগুলো মোট পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে। এর মধ্যে ছিল— কোনগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, কোনগুলোতে ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনের প্রয়োজন, কোনগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়, কোন বিষয়গুলো বিদ্যমান আইনেই পর্যাপ্তভাবে নির্ধারিত আছে এবং কোনগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হয়েছে।
রিপোর্টারের নাম 






















