আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এক নতুন মাইলফলক স্থাপন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এর লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এই অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।
টিএইচই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, গাকৃবি কেবল জাতীয়ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানই লাভ করেনি, বরং গুণগত গবেষণার (রিসার্চ কোয়ালিটি) ক্ষেত্রে সর্বোচ্চ ৬৯.৫ স্কোর অর্জন করে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়েও বিশ্ববিদ্যালয়টি ৬০১-৮০০তম অবস্থানে নিজেদের স্থান করে নিয়েছে, যা দেশের জন্য এক বিরাট সম্মান বয়ে এনেছে।
বিশ্বের ৯৮টি দেশের ১২১১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞানের মতো চারটি প্রধান শাখায় বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে। গুণগত গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার পরিবেশ এবং শিক্ষার মান—এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অসামান্য অর্জনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “টিএইচই-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের গবেষণার আন্তর্জাতিক মান ও দায়বদ্ধতার স্পষ্ট স্বীকৃতি।”
তিনি আরও যোগ করেন, “এই সাফল্য প্রমাণ করে গাকৃবি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং কৃষি, জীববিজ্ঞান ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রার নেতৃত্বদানকারী এক মানবিক কেন্দ্র। আমরা এই সাফল্যকে আত্মতুষ্টির নয়, বরং ভবিষ্যতে আরও মানসম্মত গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছি। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আগামীতেও দেশ ও মানুষের জন্য বিশ্বমানের জ্ঞান সৃষ্টি করে যাবে।”
উল্লেখ্য, এর পূর্বেও গাকৃবি কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়াও, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫ এবং ২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে উরি র্যাঙ্কিং ২০২৫-এ ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ৭৭তম অবস্থানে রয়েছে, যা জাতীয়ভাবে প্রথম। ২০২৬-এর এই সাবজেক্ট র্যাঙ্কিংয়ে দেশের মোট ৯টি সরকারি ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 















