চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) দুই দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট’ শীর্ষক এই ১৮তম আন্তর্জাতিক সম্মেলনটি ব্যবসায় শিক্ষা অনুষদ ও গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কুমিরা ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলী আজাদী সম্মেলনে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
সম্মেলনের স্বাগত বক্তব্য প্রদান করবেন ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট’ অর্গানাইজিং কমিটির চেয়ার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।
এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকরা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। কানাডা কেপবৃটন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইন্দোনেশিয়ার ত্রিশক্তি বিশ্ববিদ্যালয়ের এডজান্ক্ট প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার অর্থনীতি ও মুআমালাত অনুষদের প্রফেসর দাতো ড. মুস্তাফা বিন মোহাম্মদ হানিফাহ, পাকিস্তানের ইউনিভার্সিটি অব সারগোধার প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাসুদ সরওয়ার আওয়ান, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার একাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. জামালিয়াহ সাঈদ এবং ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিনের ব্যবসা ও ব্যবস্থাপনা অনুষদের প্রফেসর ড. ফাউজিলাহ বিনতি সালেহ মূল প্রবন্ধ উপস্থাপনকারীদের মধ্যে রয়েছেন।
আমন্ত্রিত বক্তা হিসেবে সম্মেলনে অংশ নেবেন বাহরাইনের গালফ ইউনিভার্সিটির প্রশাসনিক ও আর্থিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. সিদ্দিগ বালাল ইব্রাহিম, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার লিডারশিপ ও ম্যানেজমেন্ট অনুষদের সহকারী ডিন সহযোগী অধ্যাপক ড. নূরহায়াতি রাফিদা আবদুল রহিম, ইউনিভার্সিটি অব ক্যান্টারবুরি, নিউজিল্যান্ডের ইউসি বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মেসবাহউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং ইউনিভার্সিটি টেকনোলজি মারার হিসাববিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নাজমুল হক। এছাড়াও দেশ-বিদেশের আরও অনেক স্বনামধন্য শিক্ষাবিদ ও পণ্ডিত সম্মেলনে তাদের গবেষণাপত্র উপস্থাপন ও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাহরাইন ও ফিলিপাইনসহ ৮টি দেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয় এই আন্তর্জাতিক সম্মেলনের সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৭২ জন গবেষক ও প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে মোট ১৬৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ১১৪টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত প্রবন্ধগুলোর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৪টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৬টি, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ২১টি, একটি নন-ফিনান্সিয়াল ইনস্টিটিউটের, একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউটের এবং একটি গবেষণা কেন্দ্রের একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনের পুরো দুই দিনব্যাপী মোট ১৫টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে।
এই আন্তর্জাতিক সম্মেলনের অর্গানাইজিং কমিটির কো-চেয়ার হিসেবে আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হক এবং ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিমউদ্দিন দায়িত্ব পালন করছেন। সহকারী সেক্রেটারি হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ড. নাজীম উল্লাহ এবং মেম্বার সেক্রেটারি হিসেবে রয়েছেন এসোসিয়েট প্রফেসর ড. মো. আলাউদ্দীন।
রিপোর্টারের নাম 















