শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা আজ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। আদালত থেকে নির্বাচনের অনুমতি না পাওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পৃথক বিবৃতিতে এই কর্মসূচি শুরু করেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান জানান।
সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় প্রায় ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন যে আদালত দ্রুত শিক্ষার্থীদের পক্ষে রায় দেবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে ক্যাম্পাসে পূর্ণাঙ্গ অচলাবস্থা (কমপ্লিট শাটডাউন) ঘোষণা করা হবে।
স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ২১ দিনের মধ্যে অন্য নির্বাচনের অনুমতির বিধান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, শাকসু নির্বাচনের ক্ষেত্রে আদালত এই বিধান শিথিল করবেন, কারণ নির্বাচনের তফশিল অনেক আগেই ঘোষণা করা হয়েছে। তিনি যেকোনো মূল্যে শাকসু নির্বাচন চান এবং কোনো চাপ মেনে নেবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 















