আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনেই অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, একই দিন মধ্যরাত থেকে নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ কাজ শুরু হবে।
প্রেস সচিব নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে। এর ফলে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৩০০ আসনেই নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই।
শফিকুল আলম জানান, নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ভোটের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বিশেষ তাগিদ দিয়েছেন।
নির্বাচনের সার্বিক নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, ভোটগ্রহণের সময় পুলিশ সদস্যদের কাছে ২৫ হাজার ৫০০ বডি ওর্ন ক্যামেরা থাকবে। এসব ক্যামেরায় ধারণকৃত ফুটেজ ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপে’ যুক্ত হবে, যা দেখে তাৎক্ষণিক পদক্ষেপ (কুইক রেসপন্স) নিশ্চিত করা সম্ভব হবে।
ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য, ১ লাখ সেনা সদস্য, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর ৩ হাজার ৭০০ সদস্য, ৫ লাখ ৭৬ হাজার আনসার সদস্য, ৩৮ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য, র্যাবের প্রায় ৮ হাজার এবং ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ৫০০ ড্রোন ব্যবহার করা হবে।
এবারের নির্বাচনে মোট ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে সমন্বিতভাবে তাঁদের কার্যক্রম পরিচালনা করবেন।
রিপোর্টারের নাম 















