দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ইতিপূর্বে বহিষ্কৃত হওয়া পাঁচজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বেশ কয়েকজন নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বহিষ্কৃত নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন—যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুল্লাহ, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ এবং শেরপুরের নকলা উপজেলা বিএনপির দুই সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিম।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এই নেতারা পুনরায় দলে ফেরার জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন জানিয়েছিলেন। তাঁদের আবেদন ও ভবিষ্যতে দলের শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার বিবেচনা করে আজ থেকে তাঁদের সদস্যপদ পুনর্বহাল করা হলো। এর ফলে এখন থেকে তাঁরা দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে আগের মতোই অংশগ্রহণ করতে পারবেন।
রিপোর্টারের নাম 






















