জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য এবং দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি), মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সুপ্রিম কোর্টের এই আইনজীবী আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্ত ঘোষণা করেন।
এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় তার প্রতি সমর্থন জানাতেই ব্যারিস্টার সরওয়ার হোসেনের এই পদক্ষেপ।
এর আগে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ব্যারিস্টার সরওয়ারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরবর্তীতে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। আইনি লড়াইয়ে জয়ী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও, দলীয় প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
প্রার্থিতা প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সরওয়ার হোসেন বলেন, “আমি দীর্ঘকাল ধরে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করে এসেছি। এই পথে আমাকে কারাবরণও করতে হয়েছে। তাই দলীয় চেয়ারম্যানের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, দলীয় প্রধান তারেক রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন দলীয় সদস্য হিসেবে তাকে সর্বাত্মক সহযোগিতা করা তার দায়িত্ব বলে মনে করেন তিনি।
আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সরওয়ার বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারেক রহমান একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত, ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন। বিশেষত সুশাসন প্রতিষ্ঠা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















