রাজধানীর মোহাম্মদপুরে মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে এক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম সৎ ও আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার অপরিহার্যতা তুলে ধরেন। মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে গত রোববার এই মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষের সমাগম ঘটে।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. শামছুল আলম বলেন, একটি সৎ ও আদর্শ সমাজ বিনির্মাণে এবং সুনাগরিক গঠনে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে মাদরাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইসলামী শিক্ষা মানুষের নৈতিক ভিত্তি সুদৃঢ় করে এবং মূল্যবোধের বিকাশে সহায়তা করে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান আলোচক মুফতি কাজী ইব্রাহিম তার বক্তব্যে মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, পবিত্র কুরআনের শিক্ষা বিতরণের মহৎ উদ্দেশ্য নিয়ে এই মাদরাসার যাত্রা শুরু হয়েছে। মৌলিক জ্ঞানের উৎস আল-কুরআন এবং এখানে পরিকল্পিত ও আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হবে। তিনি বিশ্বাস করেন, এই প্রতিষ্ঠান যুগের চাহিদা অনুযায়ী যোগ্য আলেম তৈরি করবে।
মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও হাবীব কাইয়্যুম এবং ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ফারুক। বাদ আসর থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই কুরআন মাহফিলে কোরআন-হাদিসের আলোকে আলোচনা পেশ করা হয়, যা উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে গভীর প্রভাব ফেলে।
রিপোর্টারের নাম 















