মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি দুই অভিজ্ঞ ব্যাংকার তাপস চন্দ্র পাল, পিএইচডি এবং শাহ্ মোঃ সোহেল খুরশীদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে। এর আগে তারা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় তাদের দীর্ঘদিনের কৌশলগত অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
ড. তাপস চন্দ্র পাল ব্যাংকিং খাতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং তিনি পূর্বে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং পেশায় তার দুই দশকেরও অধিক সময়ের অভিজ্ঞতা রয়েছে। কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন এবং ‘বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কৌশলগত ব্যবস্থাপনা’ বিষয়ক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ড. তাপস জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নিয়মিত প্রশিক্ষক ও প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংক ও অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে দেশের প্রখ্যাত দৈনিকগুলোতে নিয়মিত লেখালেখি করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি দেশ-বিদেশের অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
শাহ্ মো. সোহেল খুরশীদ ব্যাংকিং জগতে একজন অভিজ্ঞ ও সমাদৃত ব্যক্তিত্ব। মার্কেন্টাইল ব্যাংকে যোগদানের পর তিনি চিফ ক্রেডিট অফিসার, কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি মার্কেন্টাইল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। এর আগে ১৯৯১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয়। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে শাহ্ মো. সোহেল খুরশীদ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ফ্রান্সসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি ব্যাংকিং বিষয়ে বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন।
রিপোর্টারের নাম 















