সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শাকসু নির্বাচন স্থগিতের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। এ সময় তারা অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়েদ হাসান জোহা বলেন, নির্ধারিত দিনে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি বিশেষ মহলের ইন্ধনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনা হয়েছে। তিনি অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা না থাকায় পরাজয়ের ভয়ে একটি গোষ্ঠী আইনি প্রক্রিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে। শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তার বক্তব্যে বলেন, দেশের শীর্ষস্থানীয় ছাত্র সংসদগুলোতে নির্বাচন আয়োজনে একটি বিশেষ গোষ্ঠী সবসময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। অতীতে ঢাকসু, রাকসু কিংবা জাকসু—সবক্ষেত্রেই একই ধরনের তৎপরতা দেখা গেছে। তবে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নিজেদের অধিকার আদায় করে নিয়েছে, শাকসুর ক্ষেত্রেও সাধারণ শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে বদ্ধপরিকর।
বক্তারা অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ অতীতে সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচনের ব্যবস্থা করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে রাকসু ও বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 















