ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. বাবুল (৫৫) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কারাবন্দী বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী শাহারিয়ার মিরাজসহ দায়িত্বরত কয়েকজন সদস্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির বাবার নাম রওশন। তবে তিনি ঠিক কী মামলায় কারাগারে বন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কারারক্ষীদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কারাগার থেকে বিস্তারিত নথি আসার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের প্রয়োজনে বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 















