আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশের সকল বৈধ আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সধারী সকল অস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যক্তির কাছে বৈধ অস্ত্র থাকা আইনত দণ্ডনীয় হিসেবে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন আসন্ন নির্বাচনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিলকারী ও নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র গৃহীত সংসদ সদস্য পদপ্রার্থীরা। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী প্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনাররা এই বিধি-নিষেধের বাইরে থাকবেন।
সরকারি এই নির্দেশনায় কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দেবেন না বা এই আদেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কেন্দ্রিক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 















