ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কমিশন বলছে, ডিজিটাল নিরাপত্তা বৈশিষ্ট্য এবং কিউআর কোড স্ক্যানিং ব্যবস্থার কারণে এই পদ্ধতিতে জালিয়াতির কোনো সুযোগ নেই।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রথমবারের মতো ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি প্রবাসী ও সরকারি চাকুরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বাহরাইন ও সৌদি আরবে ব্যালট পেপার অপব্যবহারের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলেছে বিএনপি। তবে জামায়াত এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনে অভিযোগ করে জানিয়েছেন, পোস্টাল ব্যালটে ‘ধানের শীষ’ প্রতীকের অবস্থান ভাঁজের মাঝখানে হওয়ায় ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। দলটি দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালট ডিজাইনে পরিবর্তনের দাবি জানিয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিদেশে তাদের দলের কোনো শাখা নেই এবং আরপিও লঙ্ঘন করে কোনো কাজ তারা করছেন না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই বিতর্ককে গণতন্ত্রের জন্য ‘অশনিসংকেত’ হিসেবে অভিহিত করে বলেছে, আইনি প্রক্রিয়া মেনেই ব্যালট সাজানো হয়েছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম জানিয়েছেন, পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় প্রত্যেক ভোটারকে কিউআর কোড স্ক্যান করতে হয় এবং লাইভ ছবি আপলোড দিতে হয়। একজনের ভোট অন্যজনের দেওয়ার কোনো প্রযুক্তিগত সুযোগ এখানে নেই। তবে ভিডিওগুলো জনমনে যে আস্থার সংকট তৈরি করেছে, তা দূর করতে নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, বিএনপির দাবির মুখে নির্বাচন কমিশন দেশের অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটের ডিজাইনে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ইসি কমিশনার আব্দুর রহমানেল মাসঊদ নিশ্চিত করেছেন যে, অভ্যন্তরীণ ব্যালটে অতিরিক্ত তথ্য কমিয়ে কেবল প্রার্থী ও প্রতীকের ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ব্যালটগুলো ইতিমধ্যে নির্ধারিত হওয়ায় তাতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
রিপোর্টারের নাম 

























