আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তিনি আরও জানান, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
নির্বাচন প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, “এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, যাতে তাঁরা কাজ করতে পারেন।” তিনি উল্লেখ করেন, প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করতে হয় এবং যারা মনোনয়ন পাবেন না, তাঁদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকে।
আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০(১) উপধারা অনুযায়ী, জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এই ধারার পরিবর্তনে অধিকাংশ দলই সম্মত ছিল, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এতে ছোট দলের বড় নেতারা সুযোগ হারাবেন। তিনি প্রশ্ন তোলেন, “এটি একতরফাভাবে কেন পাস করা হলো?” তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ জিততে না পারে তা নিশ্চিতে একক প্রার্থী থাকা আসনে ‘না’ ভোটে সম্মতি জানিয়েছে বিএনপি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক এবং গণতন্ত্রের পক্ষে থাকা অন্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। জোট গঠন ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেওয়ার পরিকল্পনাও আছে।
রিপোর্টারের নাম 






















