কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে খোয়া যাওয়া দুটি রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি বিশেষ দল। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “লুট হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানান, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন পর খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে আশাবাদ সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























