গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা, মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর শ্রীপুর থানা পুলিশ মাওনা চৌরাস্তা এলাকার পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে জাহাঙ্গীরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এই হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছিলেন।
এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দুই ডজনেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, র্যাব গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 























