বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা–৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাজি আমিনুর রশীদ ইয়াছিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে তাকে কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজি আমিনুর রশীদ ইয়াছিন কুমিল্লা–৫, ৬, ৮, ৯, ১০ ও ১১ আসনে দলীয় নির্বাচনি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব আসনে তাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দল আশা করে, তিনি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।
মনোনয়ন প্রত্যাহারের এই সিদ্ধান্তের আগে তারেক রহমানের সঙ্গে হাজি আমিনুর রশীদ ইয়াছিনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সারকেও উপস্থিত থাকতে দেখা যায়।
হাজি আমিনুর রশীদ ইয়াছিনের নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ইয়াছিনের বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ছয়টি আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কুমিল্লার তৃণমূল রাজনীতির প্রাণপুরুষ হাজি আমিনুর রশীদ ইয়াছিনকে ছয়টি নির্বাচনি আসনের নির্বাচন পরিচালনায় সমন্বয়ক মনোনীত করে তিনি তৃণমূলের ত্যাগী কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন করেছেন। টিপু বিশ্বাস করেন, এই সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত কুমিল্লায় ‘ধানের শীষ’-এর বিজয়কে সুনিশ্চিত করবে।
রিপোর্টারের নাম 























