দারুণ জয়ে বিপিএলে শুভ সূচনা করেছে ঢাকা ক্যাপিটালস। যদিও ম্যাচটা তাদের জন্য ছিল শোকের। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। শোকের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ঢাকার এটি প্রথম ম্যাচ হলেও দ্বিতীয় ম্যাচ ছিল রাজশাহীর।
এদিন ম্যাচের আগে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাহবুব আলী জাকি। প্রিয় কোচের হঠাৎ বিদায়ে পুরো দল মুষড়ে পড়লেও মাঠের লড়াইয়ে তার অভাব বুঝতে দেননি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহবুর আলী জাকির মৃত্যুতে সবাই পালন করেন এক মিনিটের নীরবতা। তার পর টস হেরে আগে ব্যাট করেছে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ২৮ বলে ৩৭ এবং মুশফিকুর রহিমের ২৪ রানের ইনিংস দুটি বাদ দিলে রাজশাহীর আর কেউ বড় স্কোর গড়তে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় কোনও জুটি গড়তে ব্যর্থ হয় দলটি।
ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ছিলেন অনন্য। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই অলরাউন্ডার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সালমান মির্জা, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই রাজশাহীকে অল্প রানে আটকে দিতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালস। বাকিরা একটি করে উইকেট নিলেও নাসির শিকার করেছেন দুটি উইকেট।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে ঢাকা। যার ভিত গড়েছেন আবদুল্লাহ আল মামুন। ৩৯ বলে ৪৫ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। এছাড়া মিডল অর্ডারে নাসির হোসেন ও শামীম হোসেনের ব্যাটিং দলকে জয়ের পথে রাখে। শেষ দিকে সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিং ঢাকার জয়কে আরও সহজ করে দেয়। ১০ বলে ১চার ও ২ ছক্কা অপরাজিত ২১ রান করেন তিনি।
রাজশাহীর হয়ে ২১ রানে ৩টি উইকেট নেন মোহাম্মদ নওয়াজ।
রিপোর্টারের নাম 

























