মরক্কোর রাবাতে বুধবার রাতে এক অন্যরকম ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। গ্যালারিতে বসে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান দেখলেন ছেলে লুকা জিদানের বীরত্ব। এদিন ১০ জনের সুদানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আফ্রিকা কাপ অব নেশনস মিশন শুরু করেছে আলজেরিয়া।
প্রথম ম্যাচে ফেভারিট হিসেবে খেলতে নেমে ‘ই’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে উত্তর আফ্রিকার দেশটি। দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ। আর শেষ গোলটি এসেছে ২০ বছর বয়সী তরুণ ইব্রাহিম মাজার পা থেকে।
মৌলে এল হাসান স্টেডিয়ামে পুরোটা সময় আকর্ষণের কেন্দ্রে ছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান। ছেলের খেলা দেখতে আসা এই ফরাসি তারকাকে যখনই বড় পর্দায় দেখানো হয়েছে, গ্যালারি ভর্তি দর্শকরা উল্লাসে ফেটে পড়েছেন।
দাদার দেশ আলজেরিয়ার হয়ে খেলার প্রস্তাব পেয়ে তা গ্রহণ করেন লুকা জিদান। নিয়মিত গোলরক্ষক আলেকজান্দ্রে ওকিদজার ইনজুরিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পান তিনি। স্প্যানিশ ক্লাব গ্রানাডায় খেলা লুকা প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে আলজেরিয়া। দ্বিতীয় মিনিটে হিশাম বাউদাওয়ির পাস থেকে দলকে এগিয়ে নেন মাহরেজ। গোল হজম করার পর পাল্টা আক্রমণ চালিয়েছিল সুদানও। কিন্তু লুকার দুর্দান্ত কিছু সেভ তাদের সফল হতে দেয়নি।
বিরতির ঠিক আগে বড় ধাক্কা খায় সুদান। রায়ান আইত-নূরিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সালাহ আদিল। ১০ জনের দলের বিপক্ষে ম্যাচটি আরও সহজ হয়ে যায় আলজেরিয়ার জন্য। ৬১ মিনিটে আমোরার পাসে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। আর ৮৫ মিনিটে বাগদাদ বুনেদজাহর হেড থেকে বল পেয়ে আলজেরিয়ার বড় জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় ইব্রাহিম মাজা।
উল্লেখ্য, প্রায় ১ হাজার দিন ধরে চলমান গৃহযুদ্ধের কারণে সুদানের সব ম্যাচই দেশের বাইরে খেলতে হচ্ছে।
রিপোর্টারের নাম 

























