আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোট গ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে শুরু করে ভোটগ্রহণের ২ দিন আগ পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের উদ্দেশ্যে প্রতিটি উপজেলা বা থানায় কমপক্ষে ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা বা থানায় ন্যূনতম ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 



















