দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর ও মোহনপুর ব্রিজ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুরের ছোট মনিপুর এবং পূর্ব মোহনপুর মাদ্রাসার পাশের এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় টেনসিউইন (TENSIWIN 0.5) ট্যাবলেট ৪৮০ পিস এবং বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ সিরাপ ১৪৪ বোতল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


























