নেত্রকোনার পূর্বধলায় আবু বকর রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এছাড়াও একই রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন এবং দলটির পূর্বধলা উপজেলার যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান জুয়েলের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা এলাকায় প্রথম যুবদল নেতার ওপর হামলার সূত্রপাত হয়।
আহত আবু বকর রানা বিশকাকুনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক একই ইউনিয়নের যুবলীগ নেতা এবং উপজেলার বড়রুহী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পুটিকা এলাকায় আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালানো হয়। যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে এই হামলা হয় বলে স্থানীয়দের অভিযোগ। পরে গুরুতর আহত রানাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যুবদল নেতার ওপর হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং আমানুর রশিদ খান জুয়েলের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, যুবদল নেতার ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















