নেত্রকোনার ৩১ বিজিবির অধীন সীমান্ত এলাকায় পৃথক যৌথ অভিযান চালিয়ে পাঁচজন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ধোবাউড়া থানায় এবং একজনকে দুর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধীন চারুয়াপাড়া ও বিজয়পুর বিওপি এলাকায় পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারুয়াপাড়া বিওপির আওতায় ধোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া এলাকায় চারটি পৃথক যৌথ অভিযান চালানো হয়। এসব অভিযানে মো. রুবেল হোসেন, এনামুল হক, মো. আনোয়ার হোসেন ও মো. আজহারুল ইসলাম নামে চারজনকে আটক করা হয়। এ সময় ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিজয়পুর বিওপির আওতায় দুর্গাপুর উপজেলার জগতকুড়া এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মো. হারুন মিয়া নামে একজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক রুবেল হোসেন ও হারুন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এছাড়া আটক পাঁচজনই মানব পাচারের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।


























