রোমান্টিক নায়ক হিসেবে পর্দায় চিরসবুজ শাহরুখ খান এবার বয়স লুকানোর প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসেছেন। বরং নিজের বয়সকে সঙ্গী করেই নতুন লুকে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই বলিউড বাদশা। আসন্ন সিনেমা ‘কিং’-এ তাঁর পাকা চুলের লুক নিয়ে ভক্তদের দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে নিজেই এর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে মেটার একটি অনুষ্ঠানে নিজের নতুন লুক নিয়ে খোলামেলা কথা বলেন শাহরুখ। তিনি জানান, কম বয়সী সহ-অভিনেত্রীদের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে বয়সের ব্যবধান নিয়ে তাঁকে নতুন করে ভাবতে হয়েছে।
এ প্রসঙ্গে একটি মজার অভিজ্ঞতাও ভাগ করে নেন অভিনেতা। তাঁর ভাষ্য, নায়িকার সামনে দাঁড়িয়ে প্রেমের সংলাপ বলার পর তাঁর মনে হতো, এবার বুঝি তাঁকে জিজ্ঞেস করতে হবে—পরদিনের অঙ্কের বাড়ির কাজ শেষ হয়েছে কি না! এমন বাস্তব অভিজ্ঞতা থেকেই নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি।
শাহরুখ বলেন, বর্তমানে তাঁর বয়স একষট্টি বছর। তাই এই বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চরিত্রেই অভিনয় করতে চান তিনি। তবে বয়স বাড়লেও আকর্ষণ ও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তিনি। তাঁর মূল লক্ষ্য, এই বয়সেও একজন ‘কুল হিরো’ হয়ে ওঠা।
‘কিং’ সিনেমাটি নিজের ক্যারিয়ারের জন্য অত্যন্ত বিশেষ বলেও উল্লেখ করেন এই তারকা। চলচ্চিত্রজগতে শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, সব সময়ই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সাধারণ চেহারার মানুষ হওয়া সত্ত্বেও বড় পর্দায় নায়ক হওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে সবসময়ই এক বিশাল প্রাপ্তি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাঁর কন্যা সুহানা খান। এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ ও আরশাদ ওয়ার্সির মতো জনপ্রিয় তারকারা।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। এখন দেখার বিষয়, পাকা চুলের এই নতুন অবতারে দর্শকদের মন কতটা জয় করতে পারেন শাহরুখ।
























