পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাস গুপ্ত রয়েছেন। তবে বাকি পাঁচজনের পরিচয় এখনো জানা যায়নি।
গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে রমফোর্ডের হাইরোডের মেফেয়ার ভেন্যুর সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল। অনুষ্ঠান শেষে ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং পরে তা ভেন্যুর সামনের সড়কে ছড়িয়ে পড়ে। এর আগেই অবশ্য নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে গোলযোগের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে সংঘর্ষের আগে প্রায় ৫০ জনকে একটি বিক্ষোভে অংশ নিতে দেখেছেন বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁদের আঘাত প্রাণঘাতী নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। কর্মকর্তারা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।
সংঘর্ষের সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদের দাবি, অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালান। অন্যদিকে, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্তের দাবি, ভেন্যুর পেছনে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডার পর ঘটনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা পাল্টাপাল্টি ধাওয়া ও বোতল ছোড়ার কথা জানালেও প্রথমে কারা শারীরিক আঘাত করেছিলেন, তা নিশ্চিত করা যায়নি। এর আগে ১৭ নভেম্বর প্রকাশিত পুলিশের প্রাথমিক বক্তব্যে জানানো হয়েছিল যে তখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছে সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজ চেয়েছিল পুলিশ।

























