সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এই পূর্বাভাস দেন।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং পরদিন রোববার (২৯ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
























