চট্টগ্রাম নগরীর আমানত শাহ মাজার প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার তথ্য পেয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নগরের জেল গেটের সামনে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাজার প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে একটি ককটেল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থл থেকে দুজনকে আটক করা হয়।
পরে পুলিশের বিশেষ দল বেশ কিছুক্ষণ চেষ্টার পর ককটেলটি নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে এবং ঘটনাটি অন্তর্ঘাতমূলক কোনো পরিকল্পনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


























