ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেলের পিলারে অঙ্কিত গ্রাফিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন।
সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই বিপ্লবের স্মরণে গ্রাফিতি করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নের মান অত্যন্ত হতাশাজনক। তিনি বলেন, গ্রাফিতিতে চিত্রিত ব্যক্তিদের অবয়ব বিকৃত হয়েছে এবং এতে রাজনৈতিক প্রচারণার ছাপ স্পষ্ট।
তিনি আরও অভিযোগ করেন, টেন্ডার প্রক্রিয়ায় বড় অংকের অর্থ লোপাটের কারণে কাজের মান বজায় রাখা সম্ভব হয়নি। স্থানীয় নেতাদের ভাগবাটোয়ারার পর সামান্য যে অর্থ অবশিষ্ট থাকে, তা দিয়ে মানসম্মত কাজ করা অসম্ভব। অথচ একই এলাকায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা গ্রাফিতিগুলো অনেক বেশি শৈল্পিক ও হৃদয়স্পর্শী ছিল বলে তিনি মন্তব্য করেন।

























