নিজের কৃষিজমি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি আর নতুন কিছু করার স্বপ্ন সুজল সরদারকে থামিয়ে রাখতে পারেনি। অন্যের জমি লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান চাষ করে প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। ঝালকাঠির রাজাপুর উপজেলার এই কৃষক মাত্র ১৫ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে ধান চাষ করে সব খরচ বাদে প্রায় ৪০ হাজার টাকা লাভের আশা করছেন।
রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি এলাকার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। প্রচলিত ধানের পাশাপাশি সুজল সরদারের চাষ করা পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান স্থানীয়দের নজর কেড়েছে। লম্বা দানা ও বিশেষ সুগন্ধযুক্ত এই ধান চাষে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন তিনি।
সুজল সরদার জানান, রাজাপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি এই নতুন জাতের ধান চাষ শুরু করেন। জমি লিজ, বীজ, সার, কীটনাশক ও পরিচর্যা মিলিয়ে তার মোট খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। বাম্পার ফলন দেখে তিনি অত্যন্ত আশাবাদী।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই জাতের ধানের অন্যতম বৈশিষ্ট্য হলো কম সময়ে ফসল ঘরে তোলা। এতে একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো সম্ভব। ধান কাটার পর সরিষা বা ডাল জাতীয় রবিশস্য চাষ করে কৃষকরা তাদের আয় আরও বাড়াতে পারেন। সুজলের এই সাফল্যে স্থানীয় কৃষকদের মধ্যেও নতুন জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে। অনেকেই এখন তার জমিতে এসে চাষপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

























