আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সামর্থ্য প্রমাণের ধারাবাহিকতায় প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক ইরাসমাস প্লাস’ সম্মেলনে অংশগ্রহণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।
সম্মেলনের প্রথম দিনেই বিশ্বের প্রায় ২০টি দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও যৌথ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকটি বৈশ্বিক প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ইরাসমাস প্লাস কর্মসূচির প্রদেয় এ সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দুটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এতে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়।
অভিজ্ঞতা শেয়ার করে মশিউর রহমান জানান, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা, যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচির সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। বিশেষ করে সৌদি আরবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, শুধু কাগজের সমঝোতা স্মারক নয়, আন্তর্জাতিক এ সহযোগিতার প্রকৃত সুবিধা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। এর মাধ্যমে গবেষণার নতুন দুয়ার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ের, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিমসহ আন্তর্জাতিক শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























