ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও তিন দিন বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হওয়ায় বেশ কিছু শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর ফলে নতুন করে যেসকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন, তাদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়েই আবেদনের এই সময়সীমা বাড়ানো হয়েছে।

























