তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ বৈঠকে বসতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড।
এদিন দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা নোটিশে জানানো হয়েছে, সভার আলোচ্যসূচিতে গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শ্রমিক-কর্মচারীদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির বিষয়টি রয়েছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে তাতে কত টাকা প্রস্তাব করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উক্ত বৈঠকে উভয় পক্ষ নিজেদের যুক্তিতর্ক তুলে ধরে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি বিবেচনা করে আলোচনা এগোচ্ছে। সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ সংশোধিত প্রস্তাব দাখিল করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা সর্বনিম্ন মজুরির প্রস্তাব দেন। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর রয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নতুন মজুরি কাঠামোর দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।


























