দেশের ভূমি ব্যবস্থাপনাকে অধিকতর স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক ও নির্ভুল ডিজিটাল ভূমি রেকর্ড নাগরিক ভোগান্তি কমাতে এবং ভূমিসংক্রান্ত বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, নির্ভুল রেকর্ডই দক্ষ ভূমিসেবার মূল ভিত্তি। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ইউএনডিপি প্রতিনিধি স্টিভেন রড্রিগেস এই উদ্যোগকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন।


























