গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সভায় নতুন মজুরির প্রস্তাব মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল।
আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে গত ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে বোর্ডের নির্ধারিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৩ নভেম্বর তৃতীয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকের সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর মাধ্যমে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার ওই সভায় চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছিলেন। ওই প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল।
অন্যদিকে, অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ। তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ নির্ধারিত সময়ে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর মাস থেকেই কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
উল্লেখ্য, নতুন মজুরি পুনর্নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখে শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।


























